শ্রীভূমির ১০ শিক্ষা প্রতিষ্ঠানে কাল ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ করবেন কৃষ্ণেন্দু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সরকারি সহায়তার আওতায় আনতে রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মুখ্যমন্ত্রী ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাথারকান্দির স্বামী বিবেকানন্দ কলেজে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবী রতিরঞ্জন দাস। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের শুধু আবেদনপত্রই দেওয়া হবে না, প্রকল্পের উদ্দেশ্য, আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড এবং সরকারি সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হবে।
একই দিনে জেলার বিভিন্ন প্রান্তের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কর্মসূচি নির্বিঘ্ন ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের মতে, ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্প বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে জেলার শিক্ষা মহলে এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *