‘JUDGE’ লেখা গাড়ির বেপরোয়া গতিতে শ্রীভূমিতে হিট অ্যান্ড রান, আহত দুই পথচারী, আটক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শ্রীভূমি শহরের ব্যস্ততম প্রধান সড়কে ঘটে গেল এক চাঞ্চল্যকর হিট অ্যান্ড রান দুর্ঘটনা। ‘JUDGE’ লেখা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারার পর দুই পথচারীকেও গুরুতরভাবে আহত করে, ফলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে AS/01/DN/7594 নম্বরের গাড়িটি দ্রুতগতিতে মেইন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, এরপর একটি অটো এবং পরে একটি স্কুটিকে সজোরে আঘাত করে। এরপর গাড়িটি সামনে থাকা দুই পথচারীকেও ধাক্কা মেরে ফেলে দেয়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অজিত ধর এবং অনুপ চক্রবর্তী নামে দুই পথচারী। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে।

সূত্রের খবর, গাড়িটির মালিক শ্রীভূমি আদালতের ম্যাজিস্ট্রেট শান্তনুকুমার শর্মা। তিনি কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে পুলিশের হাতে আটক করে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *