বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুন : অসম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের বরাক উপত্যকা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়েনি। শনিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মন্ত্রীদের র্যালি গর্তভরা ও ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েই অতিক্রম করতে হয়।
মন্ত্রীদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় একাধিক শুভেচ্ছা তোরণ। রাস্তার দু’পাশে লাগানো হয় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ দেখা গেলেও রাস্তার বড় বড় গর্তগুলো আগের মতোই রয়ে যায়। ফলে সাজসজ্জার পাশাপাশি জনসাধারণের নজরে আসে শহরের সড়ক ব্যবস্থার করুণ চিত্রও।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট, হাসপাতাল রোড, প্রেমতলা এবং অন্যান্য ব্যস্ততম এলাকায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষাকালে এসব গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
দুই মন্ত্রীর আগমন উপলক্ষে অন্তত সাময়িকভাবে গর্তগুলো ভরাট করা হবে বলে অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ফলে সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রীদের বহরকেও একই দুর্ভোগপূর্ণ রাস্তা ব্যবহার করতে হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবকাঠামো উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা NHIDCL এবং পূর্ত বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাগরিক মহলের একাংশের বক্তব্য, অতিথি বরণে তোরণ, পতাকা ও ব্যানারের অভাব না থাকলেও মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম প্রধান সমস্যা রাস্তার গর্ত মেরামতের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা চোখে পড়ছে না।
তাদের দাবি, দ্রুত শহরের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার এবং স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষকে প্রতিদিন এমন দুর্ভোগের মুখোমুখি হতে না হয়।



