বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ফের গর্জে উঠল অসম পুলিশের বন্দুক। এবার জালুকবাড়ি থানার পুলিশের গুলিতে আহত হল এক কুখ্যাত চোর। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে গুরুতর জখম হয় বরপেটার বাসিন্দা আজনবী আলি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই মালিগাঁওয়ের ‘আর কে ট্রেডার্স’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে জালুকবাড়ি থানার পুলিশ বরপেটার বাসিন্দা আজনবী আলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শনিবার রাতে ধৃত আজনবী আলিকে সঙ্গে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের উদ্দেশ্যে মালিগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছানোর পর হঠাৎই পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে আজনবী।
পুলিশ জানায়, অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে এবং তার পালানো রুখতে বাধ্য হয়ে গুলি চালানো হয়। গুলি তার পায়ে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ তাকে পুনরায় হেফাজতে নেয়। গুলিবিদ্ধ আজনবী আলিকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গুয়াহাটি মহানগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



