আরব সাগরে ১,৩০০ কিলোমিটার সাঁতার কাটবেন এলভিস আলি হাজরিকা

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন : একের পর এক নজির গড়ে আন্তর্জাতিক অঙ্গনে অসমের নাম উজ্জ্বল করে চলেছেন আন্তর্জাতিক সাঁতারু এলভিস আলি হাজরিকা। এবার তিনি আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে নতুন অভিযানের প্রস্তুতি নিয়েছেন।
আরব সাগরে টানা দিন-রাত সাঁতার কেটে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন এলভিসসহ চারজন সাঁতারু। আগামী ১৪ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বাই থেকে শুরু হবে এই যাত্রা, যা গোয়া হয়ে ২৮ নভেম্বর কর্ণাটকে গিয়ে শেষ হবে। পুরো দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১৫ দিন।

শনিবার গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এলভিস আলি হাজরিকা। তিনি বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং এই অভিযানের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এলভিস বলেন, “আমরা সফল হলে সমুদ্রে দীর্ঘতম দূরত্ব সাঁতরে নতুন বিশ্ব রেকর্ড গড়া হবে। আজ পর্যন্ত বিশ্বের কেউ সমুদ্রে এত দীর্ঘ দূরত্ব সাঁতার কাটেননি। আমরা চারজন ভারতীয় সাঁতারু ১৫ দিনের এই অভিযানে অংশ নেব। দিন-রাত নিরবচ্ছিন্নভাবে সাঁতার কাটব। অনেক সাঁতারুর সঙ্গে যোগাযোগ করা হলেও অনেকে আগ্রহ দেখাননি।”
তিনি আরও জানান, “এর আগে ছয়জন মার্কিন সাঁতারু ১২ দিনে ১,০০০ কিলোমিটার সাঁতরে একটি রেকর্ড গড়েছিলেন। এবার আমরা চারজন সাঁতারু ১৫ দিনে ১,৩০০ কিলোমিটার সাঁতরে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছি। টানা ১৫ দিন সমুদ্রে থাকা বড় চ্যালেঞ্জ হবে। খাওয়া, ঘুম এবং স্বাভাবিক চলাফেরা নিয়েও নানা সমস্যা মোকাবিলা করতে হবে।”

এদিকে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অ্যান্টার্কটিকায় সাঁতার কাটার পরিকল্পনার কথাও জানান আন্তর্জাতিক সাঁতারু এলভিস আলি হাজরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *