মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শ্রীভূমি জেলার মক্কেরগুল গ্রামে পচাগলা অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে ৫৬৮ নম্বর মক্কেরগুল প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কৃষিজমিতে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত তরুণীর পরিচয় জানার পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের মধ্যে প্রাথমিকভাবে সন্দেহ তৈরি হয়েছে, কোনও অপকর্মের পর তরুণীকে হত্যা করে ওই এলাকায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। যদিও এই সন্দেহের সত্যতা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতদেহের পরিচয় শনাক্তকরণ এবং ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।



