আকাশ লাল করে ধুলোঝড়ের তাণ্ডব রাজস্থানে, লণ্ডভণ্ড পাঁচ জেলা

Spread the news

৩০ মে : গুমোট গরমের অস্বস্তি ছিল দিন কয়েক ধরেই। দাবদাহের প্রবাহে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। হঠাৎই শুরু হয় প্রবল হাওয়া। কিন্তু, স্বস্তির বদলে মুহূর্তে তা বদলে গেল আতঙ্কে। হাওয়ার গতিবেগ ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে শুরু প্রবল ধুলোঝড়। ক্রমশই তা ভয়াবহ চেহারা নেয়। নিমেষের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি, ঘরবাড়ির ছাদ।

শনিবার বিকেলে প্রবল ধুলোঝড়ের তাণ্ডব চলল রাজস্থানের সীমানাবর্তী জেলা শ্রীগঙ্গানগরে। বিশাল ধুলোর ‘মেঘে’ ঢাকা পড়ল গোটা এলাকা। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে সেই ঝড় বয়ে যায় শ্রীগঙ্গানগরের উপর দিয়ে। মাত্র আধ ঘণ্টার ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড শহরের বিস্তীর্ণ এলাকা।

ধুলোঝড়ের তাণ্ডব চলেছে চুরু, হনুমানগড়, বিকানের এবং সীকরেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজস্থানের বিভিন্ন জেলায় পশ্চিম ঝঞ্ঝার কারণে ধুলোঝড়ের তাণ্ডব চলবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি হয়। জয়পুর, আজমের, ভরতপুর, কোটা, জোধপুর এবং উদয়পুরে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় হয়। আবহাওয়া দফতর শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে কিছু কিছু অঞ্চলে।
খবর : এইসময় অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *