বরাক উপত্যকায় বার্মিজ সুপারি কাণ্ডে ইডির অভিযান, ৬টি স্থানে তল্লাশি

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্যের অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে বুধবার বরাক উপত্যকার ছয়টি স্থানে একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্রের খবর, ভোর থেকেই ইডির একাধিক দল কাছাড় জেলার পাঁচটি এবং শ্রীভূমি জেলার একটি স্থানে একযোগে অভিযান শুরু করে। অবৈধ সুপারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ব্যক্তির বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালানো স্থানগুলির মধ্যে শিলচরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা দীপঙ্কর দে-র সঙ্গে সংশ্লিষ্ট একটি ঠিকানা এবং লেদার ওয়্যারহাউস এলাকার সুপারি ব্যবসায়ী জাকির তালুকদারের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বলে সূত্রে জানা গেছে।

শ্রীভূমি শহরের মাইডিহি এলাকায় ব্যবসায়ী কবীর আহমেদ চৌধুরীর বাড়িতে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জানা গেছে, সুপারি ব্যবসায় অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।

যদিও তদন্তকারী দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি, তবে অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *