বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মণিপুরের কামজং জেলার চাসাদে দুই কুকি গ্রামরক্ষীকে ১১ নম্বর আসাম রাইফেলসের বিরুদ্ধে গ্রেফতারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইস্টার্ন কুকি চিফস অ্যাসোসিয়েশন (ইকেসিএ)। সংগঠনটির বক্তব্য, এই পদক্ষেপ অন্যায় ও অসংবেদনশীল।
ইকেসিএ-র দাবি, গত ৯ ও ১০ অক্টোবর আইআরবি এবং এনএসসিএন-আইএমের অভিযানে দুই গ্রামবাসীর কথিত মৃত্যুর ঘটনায় যখন চাসাদ শোকস্তব্ধ, তখনই দুই কুকি গ্রামরক্ষীকে গ্রেফতারের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

সংগঠনের মতে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ না করে গ্রামরক্ষীদের নিশানা করা হলে তা আইনের বেছে বেছে প্রয়োগের সামিল। এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ইকেসিএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে, এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত আসাম রাইফেলসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: কুকিল্যান্ড এক্সপ্রেস




