মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : খাদ্য নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে শ্রীভূমি জেলাজুড়ে পুনরায় শুরু হলো ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচি। সোমবার জেলার পাথারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে একযোগে এই কর্মসূচির সূচনা হয়। পাথারকান্দি বিধানসভা এলাকার বুবরিঘাট চা-বাগানের ন্যায্য মূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠি। তিনি জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর অন্তর্ভুক্ত উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ১ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি তুলে দেন।
অনুষ্ঠানে অনিল কুমার ত্রিপাঠি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ভর্তুকিযুক্ত ডাল ও চিনি বিতরণের ফলে বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলির সংসার খরচ কিছুটা কমবে।
অনুষ্ঠানে FPD&CA বিভাগের আধিকারিক, জনপ্রতিনিধি, GPSS ও WCCS কর্মকর্তারা, রেশন ডিলার এবং বিপুল সংখ্যক উপভোক্তা উপস্থিত ছিলেন। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপভোক্তারা জানান, চালের পাশাপাশি ভর্তুকিযুক্ত ডাল ও চিনি পাওয়ায় তাঁদের দৈনন্দিন ব্যয়ের চাপ কিছুটা লাঘব হবে।



