মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : প্রতিশ্রুতি শুধু দেওয়ার বিষয় নয়, তা বাস্তবে রূপ দেওয়াই একজন জনপ্রতিনিধির দায়িত্ব—এই বার্তাই যেন ফের তুলে ধরলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী (শামীম)। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়, ইরালীগুলের হোস্টেলে বসবাসকারী ছাত্রীদের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার কথা বিবেচনা করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে একটি ইনভার্টার উপহার দিলেন তিনি।
জানা যায়, কিছুদিন আগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠান শেষে হোস্টেলের কয়েকজন ছাত্রী তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাঁদের পড়াশোনা ও দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে রাতে পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি এবং হোস্টেলের নিরাপত্তা নিয়ে সমস্যার কথা জানান তাঁরা।
ছাত্রীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর বিধায়ক তাৎক্ষণিকভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে হোস্টেলের জন্য একটি ইনভার্টার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির কয়েক দিনের মধ্যেই সোমবার বিধায়কের প্রতিনিধি জেলা কংগ্রেসের উপসভাপতি মহিদুল ইসলাম কলেজে ইনভার্টারটি পৌঁছে দেন। এ সময় আতর আলী, শাহিদুল হক-সহ কংগ্রেসের অন্যান্য নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে ইনভার্টারটি কলেজ কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ইনভার্টার পাওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে হোস্টেলের ছাত্রীরা জানান, বিদ্যুৎ চলে গেলেও এবার তাঁদের পড়াশোনা আর তেমন ব্যাহত হবে না।
স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়। কলেজ পরিবারের পক্ষ থেকেও বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।



