“জাপানে কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক আলোচনা সভা রাধামাধব কলেজে

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : রাধামাধব কলেজের স্কিল ডেভেলপমেন্ট (সেলফ ফিনান্সিং) সেল এর উদ্যোগে ও এশিয়ান আসাম একাডেমি (এশিয়ান ওয়ান) এর সহযোগিতায় শুক্রবার কলেজ কনফারেন্স হলে আয়োজিত হলো “জাপানিজ ভাষা ও জাপানে কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক আলোচনা সভা। আসাম সরকারের সিএম ফ্লাইট (CM-FLIGHT) স্কিমের অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা (রিসোর্স পার্সন) হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আসাম অ্যাকাডেমি, (এশিয়ান ওয়ান) এর রাজ্য সমন্বয়কারী শ্রী রঞ্জন শর্মা। উক্ত আলোচনাচক্রে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, গ্রন্থাগার কর্মী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. রাহুল শরনিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেল্ফ ফিনান্সিং সেলের কনভেনর ড. স্বর্ণালী রায় চৌধুরী।

এদিনের প্রধান বক্তা এশিয়ান আসাম অ্যাকাডেমির রাজ্য সমন্বয়কারী রঞ্জন শর্মা, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার মহৎ উদ্যোগে শুরু হওয়া ‘সিএম ফ্লাইট’ (CM flight) প্রকল্প সংক্রান্ত তাঁর সেমিনার প্রেজেন্টেশনে রাধামাধব কলেজের শিক্ষার্থীদের বিপুল সাড়া ও উপস্থিতির উচ্চ প্রশংসা করেছেন। তিনি এই বিদেশি ভাষা প্রশিক্ষণ কর্মসূচির সাফল্য নিয়ে আশাবাদী, যা নিশ্চিতভাবেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী যুবকদের বিশ্বমানের কর্মসংস্থানে আরও ভালো সুযোগ বেছে নিতে উৎসাহিত করবে। তিনি আরও উল্লেখ করেন যে, এশিয়ান আসাম অ্যাকাডেমি অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের সাথে যৌথ অংশীদারিত্বে এই প্রকল্পটিকে সফল করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে। এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী তাঁর বক্তব্যে বলেন “সিএম ফ্লাইট’ বা ‘চিফ মিনিস্টার্স ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট’ হলো একটি কৌশলগত উদ্যোগ, যার লক্ষ্য বিদেশি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে বিশ্বব্যাপী কর্মসংস্থানের উপযোগী দক্ষতায় ক্ষমতায়িত করা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিদেশি কর্মসংস্থানের জন্য, বিশেষ করে জাপানে চাকরির উদ্দেশ্যে বিনামূল্যে জাপানি ভাষার প্রশিক্ষণ প্রদান করা। এটি অসমের যুবকদের বিশ্বমানের প্রতিযোগিতামূলক পেশাদার হিসেবে গড়ে তুলতে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর আলোকপাত করে। এই প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘অ্যাডভান্টেজ আসাম’ সামিটের একটি অংশ বলে উল্লেখ করেন অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *