ডিমা হাসাও-কার্বি আংলং-নাগাল্যান্ড সীমান্তে নিখোঁজ বন বিভাগের ২৬ সদস্যের দল উদ্ধার, সকলেই নিরাপদ

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ডিমা হাসাও, কার্বি আংলং এবং নাগাল্যান্ডের সীমান্তবর্তী দুর্গম অরণ্যে টহলদারি অভিযানে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া অসম বন বিভাগের ২৬ সদস্যের দলকে অবশেষে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার পর দলের সকল সদস্য সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে সামাজিক মাধ্যম ‘এক্স’ (X)-এ জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া।

জানা গেছে, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের উদ্দেশ্যে লাংটিং, মান্দারডিসা, হাতিখোলা এবং মাইবং বন পরিসরের ২৩ জন বনকর্মী ও তিনজন সহযোগীকে নিয়ে গঠিত দলটি সীমান্তবর্তী ঘন জঙ্গলে একটি কঠিন টহলদারি অভিযান পরিচালনা করছিল। কিন্তু দুর্গম ভৌগোলিক অবস্থান এবং মোবাইল নেটওয়ার্কের অভাবে দলের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রায় দু’দিন ধরে বনকর্মীদের কোনও খোঁজ না মেলায় বন বিভাগ, অসম পুলিশ এবং জেলা প্রশাসন যৌথভাবে বৃহৎ উদ্ধার অভিযান শুরু করে। এই অভিযানে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি ভারতীয় বন পরিষেবার (IFS) এক জ্যেষ্ঠ আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ দলও অংশ নেয়। দীর্ঘ তল্লাশির পর উদ্ধারকারী দল সফলভাবে নিখোঁজ ২৬ সদস্যকেই খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনে।

ঘটনার পর বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, এই ঘটনা আবারও প্রমাণ করল যে রাজ্যের বনাঞ্চল, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় বনকর্মীরা কতটা প্রতিকূল পরিবেশে এবং ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। সফল উদ্ধার অভিযানে যুক্ত বন বিভাগ, অসম পুলিশ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থাকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে বনকর্মীদের সাহসিকতা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসাও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *