মনীষীদের মূর্তির রোটারিতে পোস্টার-ব্যানার নিষিদ্ধ করার দাবি

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুন : শিলচর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত মনীষীদের মূর্তির রোটারিতে পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা রাজনৈতিক পতাকা লাগানো সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি, শিলচর। এ বিষয়ে প্রয়োজনীয় নিয়মনীতি প্রণয়ন করে তা সর্বসাধারণের মধ্যে প্রচারের জন্য শিলচর পুর নিগমের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
কমিটির সাধারণ সম্পাদক প্রবীর রায়চৌধুরী স্মারকলিপিতে উল্লেখ করেন যে, গত ১৩ জুন অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, বিভিন্ন রাজনৈতিক দল, কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের লাগানো হোর্ডিং, ব্যানার ও ফেস্টুন মনীষীদের মূর্তির চারপাশের পরিবেশকে নান্দনিকতাহীন করে তুলছে। এটি কোনওভাবেই একটি সুস্থ ও সংস্কৃতিবান শহরের পরিচায়ক হতে পারে না।

তিনি আরও বলেন, মনীষীদের মূর্তি স্থাপনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে তাঁদের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানার জন্য উৎসাহিত করা। পাশাপাশি এসব মূর্তি শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মূর্তির আশপাশকে রাজনৈতিক প্রচার কিংবা বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করা অনুচিত।
স্মারকলিপিতে কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বর্তমানে মনীষীদের মূর্তির রোটারিগুলোতে যেসব হোর্ডিং, ব্যানার ও ফেস্টুন রয়েছে, সেগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের প্রচারসামগ্রী স্থাপন করতে না পারে, সে জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি প্রণয়ন এবং তার ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *