বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচর-গুয়াহাটি রুটের ট্রেনে এক মহিলাকে ঘিরে তল্লাশি ও হেনস্থার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিত মহিলার পরিচয় প্রকাশ্যে এসেছে। তিনি শিলচর সদর থানার অন্তর্গত বাদ্রিপার ৫ম খণ্ড গ্রামের বাসিন্দা। নাম সামসাদ বেগম চৌধুরী। তাঁর বাবা মোহাম্মদ আলি চৌধুরী, যিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন। তাঁর ভাই জামিদুল হক চৌধুরী বর্তমানে বিএসএফে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা গত প্রায় দশ বছর ধরে ডিমাপুরে টেইলারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। গত শনিবার তিনি শিলচর রেলস্টেশন থেকে ডিমাপুরগামী ট্রেনে ওঠেন। অভিযোগ, ট্রেন পাঁচগ্রাম অতিক্রম করার সময় এক মহিলা নিজেকে পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে আরও কয়েকজন পুরুষের সঙ্গে মিলে তাঁর ব্যাগ তল্লাশি চালান। শুধু তাই নয়, তাঁর সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এমনকি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের স্ত্রী পরিচয় দিয়ে এক মহিলা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন।
স্থানীয়দের একাংশের বক্তব্য, যদি এ ধরনের ঘটনার সঠিক তদন্ত ও বিচার না হয়, তাহলে ভবিষ্যতে সাধারণ যাত্রীরা আরও বেশি নিরাপত্তাহীনতার মুখে পড়বেন।



