
বরাক তরঙ্গ, ১৯ মে : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৯শে মে ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালের এই দিনেই মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন ভাষা শহিদ। সেই আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে মঙ্গলবার বিভিন্ন দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
হাইলাকান্দি শহরের শহিদ বেদী প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় জমায় বিভিন্ন সংগঠনের সদস্য, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি পদযাত্রা, পথনাটিকা ও স্মরণসভা সহ নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে হাইলাকান্দির বিধায়ক মিলন দাস এবং পুরপতি মানব চক্রবর্তী ভাষা শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বহুদিনের দাবি অনুযায়ী শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে “ভাষা শহিদ স্টেশন” করা এবং ভাষা আন্দোলনে শহিদ ১১ পরিবারের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
অন্যদিকে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি ও সম্মেলনের শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও একই দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।



