মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০তম জন্মজয়ন্তী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করল লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। শুক্রবার সকাল ১১টায় মণ্ডল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পা রানি চৌধুরী, মণ্ডল সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, মণ্ডল কার্যকর্তা শশীভূষণ রায়, রামসকল কৈরি-সহ অন্যান্য দলীয় কর্মী ও কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদনের পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, রাজনৈতিক দর্শন ও সমাজভাবনা নিয়ে বক্তব্য রাখেন স্বপন দাস। তিনি বলেন, দীনদয়াল উপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ও তাত্ত্বিক নেতা। রাজনীতির পাশাপাশি তিনি লেখক, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্বপন দাস বলেন, দীনদয়াল উপাধ্যায়ের ‘একাত্ম মানবতাবাদ’ ও ‘অন্ত্যোদয়’ দর্শনের মূল লক্ষ্য ছিল সমাজের একেবারে প্রান্তিক ও পিছিয়ে থাকা মানুষের উন্নয়ন। সমাজের শেষ ব্যক্তির কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার মধ্যেই প্রকৃত উন্নয়নের সার্থকতা নিহিত বলে তিনি মনে করতেন।

বক্তারা তাঁর সাংবাদিকতা ও লেখনী প্রতিভার কথাও তুলে ধরেন। ‘রাষ্ট্রধর্ম’ পত্রিকার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ‘পঞ্চজন্য’-এর সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবোধ ও সামাজিক মূল্যবোধকে তাঁর লেখায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা ভারতীয় জনতা পার্টির আদর্শগত দর্শনের অন্যতম ভিত্তি। তাঁর ২৫ সেপ্টেম্বর জন্মদিন ‘অন্ত্যোদয় দিবস’ হিসেবে স্মরণ করা হয়। আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




