বরাক তরঙ্গ, ১৬ জুন : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মানকাচর এলাকার নো-ম্যানস ল্যান্ডে প্রায় ৪৮ ঘণ্টা ধরে অবস্থান করছেন ৯ জন বাংলাদেশি নাগরিক। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলেও বাংলাদেশ প্রশাসন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে বলে জানা গেছে।
সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান, তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানার অন্তর্গত ভালুকা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শরীফ মিয়া, বিল্লাল হুসেইন, ইমাল হোসেইন এবং সুমি সহ আরও কয়েকজন।
জানা গেছে, এই ৯ বাংলাদেশি নাগরিক দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় এক সপ্তাহ ভারতে অবস্থানের পর তাদের মানকাচর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বিএসএফ (BSF) পুশব্যাক করে।
দুই দিন আগে পুশব্যাক করা ওই বাংলাদেশি নাগরিকরা বর্তমানে আন্তর্জাতিক সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে দুই শিশুসহ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



