ভারতীয় মহিলা টি-২০ দলে স্থান পেলেন দরঙের জিণ্টিমণি কলিতা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ক্রীড়াক্ষেত্রে অসমের যাত্রা অত্যন্ত গৌরবময়। সময়ের সঙ্গে সঙ্গে অসম দেশের অন্যতম প্রধান ক্রীড়াকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। একসময় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অসমের খেলোয়াড়রা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চেও রাজ্যের খেলোয়াড়রা সাফল্যের সঙ্গে নিজেদের নাম উজ্জ্বল করছেন।

দরঙের প্রতিভাবান ক্রিকেটার জিণ্টিমণি কলিতা ভারতীয় মহিলা ক্রিকেট দলে স্থান লাভ করে অসমের সম্মান বাড়িয়েছেন। জিণ্টিমণি একজন প্রতিভাবান মহিলা অলরাউন্ডার। দক্ষ বোলার হিসেবে পরিচিত জিণ্টিমণি শৈশব থেকেই ক্রিকেটের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন।
পিতা-মাতার অত্যন্ত বাধ্য সন্তান জিণ্টিমণি পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলনেও মনোনিবেশ করতেন। ক্রিকেটমহলে তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মিডিয়াম পেস বোলার হিসেবে পরিচিত।

২০০৩ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করা জিণ্টিমণি এবার ভারতীয় মহিলা দলে সুযোগ পেয়েছেন। আগামী ১৬ অক্টোবর থেকে রায়পুরে ভারত ও জিম্বাবোয়ের মধ্যে শুরু হতে চলা তিন ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

সিরিজে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ১১ অক্টোবর রায়পুরের উদ্দেশে রওনা হবেন জিণ্টিমণি কলিতা। তাঁর এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত অসমের ক্রীড়ামহল। নতুন এই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার অপেক্ষায় রয়েছেন দৰঙের এই প্রতিভাবান ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *