এশিয়ান গেমসে সোনা জয়ী লাভলীনাকে বোকাখাতে সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : এশিয়ান গেমসের মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে স্বর্ণপদক জিতে অসম তথা দেশের গৌরব বাড়িয়েছেন অসমকন্যা লাভলীনা বরগোঁহাই। বৃহস্পতিবার নিজের জন্মভূমি সরুপথারের উদ্দেশে যাওয়ার পথে বোকাখাতে তাঁকে সহস্রাধিক মানুষ সংবর্ধনা ও অভিনন্দন জানান।

বোকাখাত মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় শতাধিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি স্বর্ণজয়ী বক্সার লাভলীনা বরগোঁহাইকে সম্মান জানান।

বোকাখাত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা বিধায়ক ও প্রবীণ মন্ত্রী অতুল বরার বিশেষ সহযোগিতায় এবং সম্পাদক সঞ্জীব শইকিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বোকাখাতের বিভিন্ন জাতীয় সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা লাভলীনাকে উষ্ণ সংবর্ধনা জানান।

স্বাগত বক্তব্যে বোকাখাত ক্রীড়া সংস্থার সভাপতি তথা মন্ত্রী অতুল বরা বলেন, নিজের জন্মদিনে লাভলীনার অর্জিত এই স্বর্ণপদক দেশ ও জাতিকে গৌরবান্বিত করেছে। তাঁর এই সাফল্য অসমের ক্রীড়াক্ষেত্রের জন্যও অত্যন্ত গর্বের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠানে লাভলীনার বাবা টিকেন বরগোঁহাই এবং মা মামণি বরগোঁহাইও উপস্থিত ছিলেন। স্বর্ণজয়ী কন্যাকে ঘিরে এদিন বোকাখাতে উৎসবের আবহ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *