বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ডাকাত দলের বিরুদ্ধে আরও একটি বড়সড় অভিযান চালাল দরং পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দলগাঁও এলাকায় একটি দল ডাকাতির পরিকল্পনা করছে বলে জানতে পারে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে দলগাঁওয়ের সিডিএসপি, দলগাঁও থানার ওসি এবং শ্যামপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শ্যামপুরের ৩ নম্বর এলাকার আক্কাস আলির বাড়ি থেকে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হল শেখ ফরিদ, আনসার আলি, জাভেদ আলি, হাসান আলি এবং ফরিদসহ মোট ছয়জন।
এরপর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের তল্লাশি চালানো হলে একটি সন্দেহভাজন পিস্তল, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, দাও-সহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র এবং একটি বোলেরো পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
আটক ছয়জন এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী শ্যামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় একটি মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, পুরো ঘটনার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দরং পুলিশ জানিয়েছে, সংগঠিত অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



