কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে দালালচক্রের দৌরাত্ম্য!

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই :
সরকারি দপ্তর যেখানে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার কথা, সেখানে দালালচক্রের দৌরাত্ম্যের এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে কাছাড় জেলার কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের অনুপস্থিতিতে অথবা তাঁদের নীরব মদতেই একদল দালাল অফিসের ভেতরে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি গোপন ক্যামেরার ভিডিও সেই অভিযোগকেই আরও জোরালো করেছে।

অভিযোগ অনুযায়ী, যে কাজ সাব-রেজিস্ট্রার বা সরকারি কর্মচারীদের করার কথা, সেই কাজই করছেন বাইরের কিছু যুবক তথা দালাল। বিয়ে নিবন্ধনের জন্য আসা নবদম্পতিকে অফিসের ভেতরেই এক দালাল সরকারি কর্মচারীদের সামনেই শপথবাক্য পাঠ করাচ্ছেন – এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। অথচ উপস্থিত সরকারি কর্মীরা নিজেদের আসনে বসে নীরবে পুরো ঘটনাটি দেখলেও কোনও হস্তক্ষেপ করেননি। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী বিয়ে নিবন্ধনের নির্ধারিত ফি মাত্র ৫৬০ টাকা। কিন্তু অভিযোগ, কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে সক্রিয় একটি সিন্ডিকেটচক্র প্রতিটি নিবন্ধনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছে।

এখন প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারীদের নাকের ডগায় একজন সাধারণ দালাল কীভাবে বর-কনেকে শপথ পাঠ করানোর সাহস পেল? এই ঘটনা কি সাব-রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরে কিছু কর্মচারীর যোগসাজশেরই ইঙ্গিত দিচ্ছে? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *