বরাক তরঙ্গ, ৩০ জুলাই : হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স আলগাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দুইজন শিশু শ্রমিককে উদ্ধার করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিশুকে জেলা শিশু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য শিশু নিবাসে পাঠানো হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় সুরক্ষা, পরিচর্যা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের শ্রমে নিয়োজিত হওয়া বন্ধ করে তাদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা এবং স্বাভাবিক শৈশব নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান চালানো হবে।

উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্দেশে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্সে জেলা প্রশাসনের যুগ্ম আয়ুক্ত, জেলা শ্রম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা শিশু সুরক্ষা সমিতির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। শিশু শ্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দিকেও প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে।



