বরাক তরঙ্গ, ৫ মে : অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ সমর্থিত অগপর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি সভার আয়োজন করা হয়। শিলচর ট্রাঙ্ক রোডস্থিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় দলের জেলা নেতৃত্ব সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় অগপর জেলা সভাপতি নাজমূল হুসেন মজুমদার জানান, অসমে এনডিএ সমর্থিত অগপর ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। পূর্ববর্তী নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে অগপর প্রার্থীরা বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং এই সাফল্যের জন্য দলের সমর্থক, নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তবে কাছাড় জেলার একমাত্র অগপ প্রার্থী হিসেবে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা করিম উদ্দিন বড়ভূইয়ার পরাজয়কে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। নজমুল হোসেন মজুমদার অভিযোগ করে বলেন, সোনাই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ধর্মীয় মেরুকরণ এবং অগপ সমর্থিত ভোটার ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোট আদায় করেছেন কংগ্রেস প্রার্থী। তাঁর মতে, এটি প্রকৃত জয় নয়। সভায় কার্যকারী সভাপতি মণিতন সিংহ কাছাড় জেলার মিত্রজোট সমর্থিত সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি সোনাই কেন্দ্রের পরাজয়ের বিষয়টি বিশদে তুলে ধরে আগামীকাল থেকেই দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সকল সদস্যকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও সভায় অগপর জেলা সম্পাদক সুজিত শর্মা, রিয়াজুল হক বড়ভূইয়া, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, যুব পরিষদ কাছাড় জেলা সভাপতি রূপন মোদক, শিলচর বিধান পরিষদ সভাপতি দীপন ভট্টাচার্য, প্রদীপ সিনহা, আয়াজ উদ্দিন বড়ভূঁইয়া (মান্না), কাজল লস্কর, খালেদ মাসুদ মজুমদার, সজল চৌধুরী, অজয় নন্দী, হায়াত হুসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ বৃদ্ধি এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করার বিষয়েও মতবিনিময় করেন।



