মিলন দাসকে উষ্ণ অভিনন্দন জানিয়ে একাধিক প্রত্যাশার কথা তুলে ধরলেন অধ্যাপক হাবিবুর রহমান

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মে : অসম বিধানসভা নির্বাচনে গৌরবময় সাফল্যের জন্য ড. মিলন দাসকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে একাধিক প্রত্যাশার কথা তুলে ধরলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান লস্কর।

তিনি আশা প্রকাশ করে বলেন, ড. মিলন দাসের নেতৃত্বে আগামী কয়েক বছরের মধ্যেই হাইলাকান্দি জেলার বহুদিনের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়িত হবে। নতুন দায়িত্বে তিনি সৎ ও মানবিক থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি, অসম বিধানসভায় বরাক উপত্যকার মানুষের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে তাঁকে দেখতে চান তিনি।

ড. লস্কর হাইলাকান্দি জেলার উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রত্যাশার কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে ফার্মা ও প্যারামেডিকেল কলেজ, একটি মেডিক্যাল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতাল, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), ইঞ্জিনিয়ারিং কলেজ, স্টেট ইউনিভার্সিটি, স্কিল ডেভেলপমেন্ট ও সার্টিফিকেশন সেন্টার, এক্সপোর্ট-ইমপোর্ট জোন, মোটর ভেহিকল রিপেয়ারিং ও মেইনটেন্যান্স ক্লাস্টার, একটি সায়েন্স মিউজিয়াম এবং আসাম বিশ্ববিদ্যালয় ও শিলচর মেডিকেল কলেজের মধ্যে উন্নত সড়ক সংযোগ।

তিনি আরও লেখেন, দীর্ঘদিন পর হাইলাকান্দি হয়তো একজন তরুণ ও গতিশীল নেতার নেতৃত্ব পেতে চলেছে—যিনি বরাক উপত্যকার রাজনৈতিক সমীকরণে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম। এই অঞ্চলের সম্ভাবনা অপরিসীম হলেও তার সঠিক বিকাশের জন্য প্রয়োজন নতুন চিন্তাভাবনা, দৃঢ় নেতৃত্ব এবং সুস্পষ্ট উন্নয়ন দৃষ্টিভঙ্গি। নতুন প্রজন্মের নেতৃত্ব এলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে, সৃষ্টি হবে নতুন সুযোগ এবং মানুষের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

সবশেষে তিনি উল্লেখ করেন, এখনই সময় ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে গিয়ে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *