কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, সুবীর দাসের বক্তব্যের নিন্দা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট:
কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে আইনজীবী সুবীরচন্দ্র দাসের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানাল কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। রবিবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস ওই বক্তব্যকে উস্কানিমূলক, বিভেদ সৃষ্টিকারী এবং অত্যন্ত অরুচিকর বলে উল্লেখ করেন।

সজলকান্তি দাসের অভিযোগ, সম্প্রতি সামাজিক মাধ্যমে সুবীর চন্দ্র দাস কৈবর্ত সম্প্রদায়কে ‘ক্যান্সার’ বলে অভিহিত করার পাশাপাশি এই সম্প্রদায়ের মহিলাদের নিয়েও অবমাননাকর মন্তব্য করেছেন। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য শুধু একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করছে না, বরং সমাজে অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করছে।

তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি নষ্ট করার মতো কোনো মন্তব্যই মেনে নেওয়া যায় না। বিশেষ করে কৈবর্ত সম্প্রদায়েরই একজন সদস্যের কাছ থেকে এমন বক্তব্য আসায় তিনি হতাশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাসকেও উদ্দেশ্য করে সজলকান্তি দাস প্রশ্ন তোলেন, কৈবর্ত সম্প্রদায়কে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে আলাদাভাবে উন্নয়নের নামে কোনও ধরনের বিভাজনমূলক মানসিকতা সমাজ মেনে নেবে না। তিনি বলেন, সমাজব্যবস্থায় সকলের সমান অধিকার রয়েছে এবং কৈবর্ত সম্প্রদায়েরও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

সজলকান্তি দাস রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রতি আহ্বান জানান, এ ধরনের বিতর্কিত ও বিভেদমূলক মন্তব্যের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *