বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : সোনাবাড়িঘাট বাইপাস এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে সোনাবাড়িঘাট বাইপাস সড়কের পাশে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবকের বাড়ি ভাগাবাজার এলাকায়। তাঁর নাম বিশ্বজিৎ (বিট্টু) পাল বলে জানা যাচ্ছে। তবে কী কারণে তিনি ওই এলাকায় এসেছিলেন এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।



