বরাক তরঙ্গ, ২৪ মে : ভাগাবাজার পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল প্রতিযোগিতায় বি গ্ৰুপের দ্বিতীয় খেলায় জয়ী হলো চান্নিঘাট এফসি। রবিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে আর্জানপুর এফসি দলকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো চান্নিঘাট এফসি। খেলার শুরুতেই একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় চান্নিঘাট এফসি। প্রথমার্ধের খেলায় ০-১ গোলে পিছিয়ে গেলেও সমানে সমানে পাল্লা দিয়ে খেলে আর্জানপুর। দ্বিতীয়ার্ধে দুটি দলই জ্বলে ওঠে। খেলা শেষ হওয়ার অন্তিম মুহুর্তে আকর্ষণীয় গোল করে খেলায় সমতা ফেরায় আর্জানপুর। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। ৫-৪ গোলের গোলের ব্যবধানে অবশেষে জয়ের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয় চান্নিঘাট এফসি।
এদিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন চান্নিঘাট এফসি দলের খেলোয়াড় সানাজ। তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন চান্নিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস, সমাজসেবী সাহিদ আহমদ চৌধুরী ও গ্রুপ সদস্য ফারুক আহমেদ বড়ভূইয়া। সোমবার থেকে শনিবার পর্যন্ত খেলা নেই। আগামী রবিবার কর্কট এফসি খেলবে স্টার ইণ্ডিয়া এফসির বিরুদ্ধে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী এক সপ্তাহ খেলা বন্ধ রাখার ঘোষণা করেছেন খেলা পরিচালনা কমিটির সম্পাদক আমির হোসেন লস্কর।



