চন্দন দেব “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬” এর জন্য নির্বাচিত

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : বরাক উপত্যকা তথা কাছাড় জেলার শিলচরের বিশিষ্ট যোগাসন প্রশিক্ষক, ক্রীড়াবিদ ও সমাজসেবী চন্দন দেব-কে তাঁর দীর্ঘদিনের যোগচর্চা, ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য এবং সমাজের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ৩১ মে, রবিবার গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬” প্রদান করে সম্মানিত করা হবে।

শিলচরের সার্কিট হাউস রোড এলাকার বাসিন্দা চন্দন দেব বর্তমানে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন-এ যোগা প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি জাতীয় ব্যায়াম বিদ্যালয়, শিলচর-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে যোগাসনের প্রসার, যুবসমাজকে সুস্থ জীবনধারার প্রতি উৎসাহিত করা এবং ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর প্রশিক্ষণে বহু ছাত্র-ছাত্রী রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে বলেও জানা গেছে।

যোগাসনের ক্ষেত্রে তাঁর সাফল্য অত্যন্ত গৌরবজনক। তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-এর অধীনে জাতীয় যোগাসন কোচ ও জাতীয় যোগাসন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি “কায়াযোগী” উপাধিতে ভূষিত হয়েছেন এবং দুইবারের জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে যোগাসনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুধু ব্যক্তিগত সাফল্যেই নয়, সমাজের প্রতিও তাঁর অবদান বিশেষভাবে প্রশংসনীয়। প্রতি মাসে প্রায় ২০ জন ছাত্র-ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে যোগাসনের প্রশিক্ষণ দিয়ে তিনি সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর মতে, বর্তমান সময়ে সুস্থ ও সচেতন সমাজ গঠনে যোগচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভবিষ্যতে একটি যোগ থেরাপি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে তাঁর, যেখানে সাধারণ মানুষ স্বল্প খরচে যোগচিকিৎসার সুবিধা লাভ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৩১ মে ২০২৬, গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা, ফ্যাশন শো ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। শিলচর থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা যুব দর্পণ ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা (এনসিওয়াইএস)-এর উদ্যোগে এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর-এর সহযোগিতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী, শিল্পী, শিক্ষক, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন মহলে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

চন্দন দেবের এই সম্মাননা প্রাপ্তির খবরে শিলচরসহ সমগ্র বরাক উপত্যকার ক্রীড়া ও যোগাসন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *