বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের নির্দ্দেশ অনুসারে প্রতিবছর দেশব্যাপী ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার শিলচর রাধামাধব কলেজের এনএসএস ইউনিটের কলেজ চত্বরে স্বচ্ছতা অভিযান চালানো হয়। এতে কলেজের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রী স্বেচ্ছাসেবক সহ ছাত্র সংসদের সদস্যরা অংশ নেন।
এদিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজ এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড. সিএইচ মণিকুমার সিংহ জানান, আমরা প্রতি বছর ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান উদযাপন করে থাকি। সেই উপলক্ষে আজ আমাদের রাধামাধব কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে। আমাদের কলেজের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক এবং কলেজের ছাত্র সংসদ-এর সদস্যরা অত্যন্ত উৎসাহ ও সক্রিয়তার সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি, তাঁরা স্বচ্ছতার শপথ গ্রহণ করেছেন।

তিনি জানান, এই অভিযান মহাত্মা গান্ধীর একটি পরিচ্ছন্ন ও উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে স্বেচ্ছায় পরিচ্ছন্নতার কাজে প্রতি বছর ১০০ ঘণ্টা, অর্থাৎ প্রতি সপ্তাহে ২ ঘণ্টা সময় দেওয়ার জন্য উৎসাহিত করা হয় এবং অন্যদেরও এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা হয়। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আজ এখানে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান উদযাপন করেছি এবং পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ গড়ে তোলার এই মহৎ কর্মযজ্ঞে নিজেদের সামিল করেছি। উল্লেখ্য এদিনের কর্মসূচিতে অতিথি অধ্যাপিকা জুই নাথ, গ্রন্থাগার কর্মী কমলেশ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



