বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আবহে উত্তর ত্রিপুরার ধর্মনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার দুপুরে পদ্মপুর হরিচাঁদ রোড এলাকায় এক আইসক্রিম ব্যবসায়ীর গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী। গুদামের মালিক লক্ষিন্দর সাহানির দাবি, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ গুদামটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আগুন লাগার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা বালতি হাতে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পুরুষ ও মহিলারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর পাশাপাশি দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।



