পড়ুয়ার পোস্টেই ফাঁস সিবিএসই-র বড় গলদ! ভুল উত্তরপত্র মূল্যায়নে শোরগোল, নড়েচড়ে বসল বোর্ড

Spread the news

২৬ মে : সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও নম্বর দেওয়ার ক্ষেত্রে বড়সড়ো গাফিলতির অভিযোগ সামনে এল। খোদ বোর্ডের অন্দরেই ধরা পড়ল ভুল উত্তরপত্র মিলিয়ে ফেলার মতো গুরুতর ত্রুটি। সোশ্যাল মিডিয়ায় এক ছাত্রের পোস্টকে কেন্দ্র করে এই বিতর্ক শুরু হওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ তড়িঘড়ি বিষয়টি স্বীকার করে নিয়েছে এবং সংশ্লিষ্ট পড়ুয়ার নম্বর সংশোধনের আশ্বাস দিয়েছে।

বিতর্কের সূত্রপাত বেদান্ত শ্রীবাস্তব নামে এক ছাত্রের এক্স (টুইটার) হ্যান্ডেলের একটি পোস্টকে কেন্দ্র করে। ছাত্রটি অভিযোগ করে, সিবিএসই-র নতুন ‘অনলাইন স্ক্রিপ্ট মনিটরিং’ (OSM) সিস্টেমের মাধ্যমে সে তাঁর পদার্থবিজ্ঞানের (Physics) উত্তরপত্রের যে কপি হাতে পায়, তা আদতে অন্য কোনও ছাত্রের। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিজের রেজাল্ট ও ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পড়ুয়া। তাঁর এই পোস্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে।

ঘটনার গুরুত্ব বুঝে সিবিএসই দ্রুত নড়েচড়ে বসে। বোর্ডের যুগ্ম সচিব (সমন্বয়) স্বয়ং বেদান্তকে ইমেল করে ভুল স্বীকার করে নেন এবং তাঁর সঠিক পদার্থবিজ্ঞানের উত্তরপত্রটি পাঠিয়ে দেন। পাশাপাশি জানানো হয়, খুব শীঘ্রই নতুন করে মূল্যায়ন করে তাঁর রেজাল্ট আপডেট করা হবে। পদার্থবিজ্ঞানের পাশাপাশি রসায়নের (Chemistry) উত্তরপত্র সংক্রান্ত আরও একটি অভিযোগ সামনে এসেছে। সিবিএসই সেখানেও ত্রুটি স্বীকার করে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

এই ঘটনার ফলে বোর্ডের বর্তমান ডিজিটাল মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও পড়ুয়ারা। বোর্ড সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় আসা এই ধরনের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। বোর্ডের শীর্ষ কর্মকর্তারা বিষয়টিকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিচ্ছেন বলে জানানো হয়েছে। তবে মূল্যায়ন প্রক্রিয়ায় এমন ভুল কীভাবে ঘটল, তা নিয়ে সিবিএসই-র স্বচ্ছতা ও জবাবদিহিতা বড় প্রশ্নের মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *