বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ভাগা বাজার শাখার এক গ্রাহক সেবা প্রতিনিধি (CSP)-এর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে দুইটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা ধলাই থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, প্রায় তিন বছর আগে সংশ্লিষ্ট মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা ভাগা বাজার শাখা থেকে মোট প্রায় তিন লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তারা নিয়মিতভাবে প্রতি মাসে গ্রামের সিএসপি কেন্দ্রের মাধ্যমে ইকবাল হোসেনের কাছে কিস্তির টাকা জমা দিয়ে আসছিলেন। চলতি ২০২৫ সালে তারা সম্পূর্ণ ঋণ পরিশোধ করেছেন বলেও দাবি করেছেন। তবে সম্প্রতি পুনরায় ঋণের জন্য ব্যাংকে যোগাযোগ করলে শাখা কর্তৃপক্ষ তাদের জানায়, এখনও প্রায় এক লক্ষ টাকা বকেয়া রয়েছে। এই তথ্য জানার পর হতবাক হয়ে পড়েন গোষ্ঠীর সদস্যারা। তাদের দাবি, সমস্ত কিস্তির টাকা তারা সংশ্লিষ্ট সিএসপি প্রতিনিধির কাছেই জমা দিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি তাদের দেখে সিএসপি কেন্দ্র বন্ধ করে বাইকে পালানোর চেষ্টা করেন। চারজন মহিলা তাকে আটকাতে গেলে তাদের ওপর দিয়েই বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। এরপর দুইটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা একত্রিত হয়ে ধলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদমাধ্যমের সামনে তারা দাবি করেছেন তাঁদের জমা দেওয়া সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরত দিতে হবে, অভিযুক্ত ইকবাল হোসেনের সিএসপি কোড বাতিল করতে হবে, এলাকায় নতুন গ্রাহক সেবা প্রতিনিধি নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ এই প্রথম নয়। অতীতেও একাধিকবার এমন অভিযোগ উঠলেও শাখা কর্তৃপক্ষের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।



