
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীকে কেন্দ্র করে আনন্দ-উৎসবে মেতে উঠেছে বরাক উপত্যকা তথা কাছাড় জেলার গ্রামাঞ্চল ও শিলচর শহর। দেবী দুর্গার আগমনে উৎসবের আবহে মুখরিত গোটা শহর। শনিবার মহাসপ্তমীর রাতে শিলচরের বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।
শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের পুজো মণ্ডপগুলিও বর্ণাঢ্য আলোকসজ্জা ও আকর্ষণীয় সাজে সেজে উঠেছে। প্রতিটি মণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও দুর্গাপ্রতিমা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শিলচরের উল্লেখযোগ্য বড় বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে বিলপার শংকর দিঘি আপনজন দুর্গাপুজো কমিটি, তারাপুর রেল স্টেশন দুর্গাপুজো কমিটি, সোনাই রোড তরুণ ক্লাব দুর্গাপুজো কমিটি এবং নতুন কাঞ্চনপুর সরকারপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি-সহ শহরের আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপ। আলোকসজ্জা, প্রতিমার নান্দনিকতা এবং মণ্ডপের বৈচিত্র্যময় উপস্থাপনা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

এদিকে, নতুন কাঞ্চনপুর সরকারপাড়া দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, এ বছর স্থানীয় শিল্পীদের মাধ্যমে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় থিম তৈরি করা হয়েছে। পুজোর আনন্দে শামিল হতে তাঁরা সমগ্র শিলচরবাসীকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
সব মিলিয়ে মহাসপ্তমীর রাতে শিলচর শহরজুড়ে উৎসবের আমেজ, বর্ণিল আলোকসজ্জা এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে দুর্গোৎসবের আনন্দ যেন নতুন মাত্রা পেয়েছে।



