স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলিতে ক্যারমে সিঙ্গলসে চ্যাম্পিয়ন অভিজিৎ, ডাবলসে সঞ্জয়-অমৃত জুটি

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০তম বর্ষের গ্রেনাইট জুবিলি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী ওপেন প্রাইজ মানি ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯ ও ২০ সেপ্টেম্বর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিলচরের বিভিন্ন এলাকার ক্যারম খেলোয়াড়রা অংশ নেন। সিঙ্গলস ও ডাবলস বিভাগ মিলিয়ে মোট ৫২ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

রবিবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জিলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার। উপস্থিত ছিলেন শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়, সহ-সভাপতি বাবুল হোড় ও নির্মল দাস, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক দেবাশিস সোম-সহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।

সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন হন অভিজিৎ সিংহ। ফাইনালে তিনি রূপায়ণ বৈদ্য চৌধুরীকে ২৫-১০ ও ২২-১৪ পয়েন্টে পরাজিত করেন। রূপায়ণ রানার্স-আপ হন। সেমিফাইনালে অভিজিৎ সঞ্জয় সিংহকে এবং রূপায়ণ কৃষ্ণ মোহন সিংহকে হারিয়ে ফাইনালে ওঠেন।
ডাবলস বিভাগে সঞ্জয় সিংহ ও অমৃত সিংহ জুটি চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা সুদীপ সিংহ ও প্রেমজিৎ সিংহ জুটিকে ১৪-০ ও ১১-৪ পয়েন্টে পরাজিত করে। সেমিফাইনালে সঞ্জয়-অমৃত জুটি দীপ মুখার্জি-বিভাস সিংহ জুটিকে এবং সুদীপ-প্রেমজিৎ জুটি রেশভ পাল-সুমিত রায় জুটিকে হারায়।

প্রতিযোগিতাটি প্রধান রেফারি অশোক কুমার সিনহার তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ক্লাব সভাপতি ড. অনুপ কুমার রায় প্রতিযোগিতা সফল করতে সহযোগিতার জন্য কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান। প্রধান অতিথি কঙ্কন নারায়ণ শিকদার ক্লাবের উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শঙ্কর সরকার। রবিবার এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানান ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *