তামাকমুক্ত ভবিষ্যতের বার্তা, পিসি বড়জালেঙ্গা স্কুলে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : তরুণ প্রজন্মের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করতে বৃহস্পতিবার কাছাড়ের পিসি বড়জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ ক্যান্সার সচেতনতা কর্মসূচি। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং শিলচর ক্যান্সার সেন্টার (টাটা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মুখের ক্যান্সার ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার ওপর।

প্রায় ২০০ জন ছাত্রছাত্রী এবং কয়েকজন শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে অনুষ্ঠানে মুখের ক্যান্সারের কারণ, ঝুঁকিপূর্ণ অভ্যাস, প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মুখের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মনোজিৎ বণিক। বক্তব্যের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে একটি ইন্টার‍্যাক্টিভ সেশনেও অংশ নেন তিনি। ফলে ক্যান্সার নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর পাওয়ার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানের সূচনায় কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর প্রজেক্ট চেয়ারপার্সন বাবুল কুমার। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সভাপতি সঞ্জীব রায় ছাত্রছাত্রীদের তামাকজাত দ্রব্য সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানান। একই সঙ্গে পরিবার ও সমাজের অন্যান্য সদস্যদেরও তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার জন্য পড়ুয়াদের প্রতি আবেদন জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা দেব তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে এমন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, বিদ্যালয় পর্যায়ে ক্যান্সার ও তামাক বিরোধী সচেতনতা গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যকর জীবনযাপনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মসূচির অন্যতম তাৎপর্যপূর্ণ পর্ব ছিল তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে উপস্থিত ছাত্রছাত্রীদের শপথবাক্য পাঠ। এর মাধ্যমে তামাকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে রাম কুমার পাশী (ইয়াসি), এলিজাবেথ বেগম, মালসাওনডাউঙ্গি দারলং, রাজু বড়ভূইয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *