বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার জনতা কলেজের অডিটোরিয়ামে একটি ক্যান্সার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের এনএসএস (NSS), এনসিসি (NCC) ইউনিট এবং রেড রিবন ক্লাবের উদ্যোগে এবং অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জোনাল কো-অর্ডিনেটর অভিজিৎ ভট্টাচার্য এবং ডেন্টাল সার্জন ডা.লঃ মনোজিৎ বণিক। কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নিজের বক্তব্যে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ড. ঊষা রানি শর্মা অতিথিদের সংবর্ধনা জানান।
অভিজিৎ ভট্টাচার্য এবং ডাঃ মনোজিৎ বণিক ক্যান্সার সম্পর্কে বিস্তারিত ও তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে উত্তর-পূর্ব ভারতে ক্যান্সারের প্রকোপ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের প্রয়োজনীয়তা, ক্যান্সারের বিভিন্ন উপসর্গ, প্রতিরোধের উপায় এবং রাজ্যে ক্যান্সারের ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা মোকাবিলায় সরকারি বিভিন্ন উদ্যোগের বিষয় উঠে আসে।

গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা কলেজের রেড রিবন ক্লাবের কো-অর্ডিনেটর ড. মুন্নি দেব মজুমদার। অনুষ্ঠানে এনসিসি গার্লস-এর প্রোগ্রাম অফিসার মিস সঙ্গীতা দাস, এনসিসি বয়েজ-এর প্রোগ্রাম অফিসার ড. সত্যজিৎ কুমার সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।



