জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : শ্রীভূমি জেলার যুবাদের ‘মাই ভারত’ পোর্টালে ১০০ শতাংশ রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণ সুনিশ্চিত করার লক্ষে সোমবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার যুবসমাজকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে তাদের ক্ষমতায়ন ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খিংতে। সভায় জেলার ৭টি ডেভেলপমেন্ট ব্লকের বিডিও, বিদ্যালয় সমূহের পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক নিলমজ্যোতি দাস, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, ডিআইসিসি-র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৃগাঙ্ক নাথ, করিমগঞ্জ কলেজ, রবীন্দ্রসদন মহিলা কলেজ, বিএড কলেজ, করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়, এনসি কলেজ, পাথারকান্দি কলেজ ও রামকৃষ্ণ নগর কলেজের অধ্যক্ষরা এবং অন্যান্য সহযোগী বিভাগের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
সভায় শ্রীভূমির মাই যুবা ভারতের ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার গৌরব পন্থী জানান, ‘মাই ভারত’ পোর্টালটি দেশের যুবসমাজের প্রতিভা বিকাশ, নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণের একটি অনন্য ডিজিটাল মাধ্যম। শ্রীভূমি জেলার কোনো যোগ্য যুবক-যুবতী যাতে এই প্ল্যাটফর্মের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা সুনিশ্চিত করতে হবে। এতে তিনি mybharat.gov.in পোর্টালের মাধ্যমে ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবাদের রেজিষ্ট্রেশন সুনিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। এতে ২০২৭ সালের মধ্যে ১ লক্ষ যুবা লিডার তৈরী করার লক্ষ্যকে বাস্তবায়িত করতে রাজনৈতিক পটভূমি বিহীন যুবা লিডার তৈরীর বিষয় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। যাতে দেশের প্রধানমন্ত্রীর বিকশিত ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে উপনিত হওয়া সম্ভব হয়। এই পোর্টালের মাধ্যমে আগামীদিনে যুবকেরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, ভলান্টিয়ারিং এবং ক্যারিয়ার গাইডেন্সের প্রত্যক্ষ সুযোগ সুবিধা লাভ করতে পারবে বলেও সভায় জানানো হয়।



