বরাক তরঙ্গ, ৬ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুলাই শিলচরে একাধিক কর্মসূচির আয়োজন করেছে ‘এমএসএমই মার্কেটিং বোর্ড’। এদিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা এবং জাতীয় অভিযান ‘উদ্যম জাগরণ যাত্রা’-র আনুষ্ঠানিক সূচনা। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান এমএসএমই মার্কেটিং বোর্ডের কাছাড় জেলা ম্যানেজার মঞ্জরি রায়। তিনি জানান, ৯ জুলাই বেলা ১২টায় কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যার মধ্য দিয়েই জাতীয় পর্যায়ের ‘উদ্যম জাগরণ যাত্রা’ কর্মসূচির সূচনা করা হবে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত অ্যাডভাইজারি অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটি-র চেয়ারম্যান অধ্যাপক বিভাস দেব বলেন, ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন জুবের মজুমদার, আমির হোসেন লস্কর, অরূপ রায়চৌধুরী, এনামুল ইসলাম লস্কর, অঞ্জন দাস, রুপালি ঘোষ, হিতেশ ঘোষ, সুশান্ত রায়সহ অন্যান্য কর্মকর্তারা।



