মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমিতে আয়োজন করা হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বুধবার বিকেল ৪টায় জেলা বিজেপি কার্যালয় থেকে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি শহর মণ্ডলের উদ্যোগে এই যাত্রার সূচনা হয়।
জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক শতাধিক বিজেপি নেতা-কর্মী ও সমর্থক তিরঙ্গা যাত্রায় অংশ নেন। পুরুষ ও মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি পরিণত হয় এক প্রাণবন্ত দেশাত্মবোধের কর্মসূচিতে। অংশগ্রহণকারীদের হাতে উড়তে থাকে তেরঙ্গা। ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে তিরঙ্গা যাত্রাটি শ্রীভূমি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ ও কৌতূহল দেখা যায়। যাত্রায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বর্তমান জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, শ্রীভূমি পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, মহিলা নেত্রী চন্দারানি সিনহা-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রী, কর্মী ও সমর্থকরা।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তিরঙ্গা শুধু একটি জাতীয় পতাকা নয়; এটি দেশের স্বাধীনতা, আত্মত্যাগ, ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেমের চেতনা আরও শক্তিশালী করা এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এই তিরঙ্গা যাত্রার অন্যতম উদ্দেশ্য বলে তাঁরা জানান।
শেষে শহরের এওসি পয়েন্টের সামনে এসে তিরঙ্গা যাত্রার সমাপ্তি ঘটে। কর্মসূচিকে ঘিরে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমি শহরের রাজপথে এই তিরঙ্গা যাত্রা এক আবেগঘন দেশাত্মবোধের পরিবেশ সৃষ্টি করে।



