বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুরনিগম নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী তথা জেলা সংখ্যলঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর জয়লাভ করেছেন। ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির একমাত্র সংখ্যালঘু প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নেন তিনি।
জয়লাভের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আতাউর রহমান লস্কর বলেন, এই জয় তাঁর একার নয়, এটি ওয়ার্ডের সাধারণ মানুষের জয়। জনগণের আশীর্বাদ ও সমর্থনের কারণেই তিনি নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন বলে জানান তিনি।
নির্বাচনে জয় পাওয়ার পর ১৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান নবনির্বাচিত কাউন্সিলর। তাঁর লক্ষ্য, ১৭ নম্বর ওয়ার্ডকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলা। এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
আতাউর রহমান লস্কর আরও বলেন, নির্বাচনে তাঁকে সমর্থন ও সহযোগিতা করার জন্য ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করারও আশ্বাস দেন তিনি।

এদিকে, নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রীসহ জেলা ও প্রদেশ বিজেপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আতাউর রহমান লস্কর। দলীয় নেতৃত্বের সহযোগিতা ও কর্মী-সমর্থকদের পরিশ্রমের কথাও তিনি উল্লেখ করেন। আগামী দিনে ১৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ওয়ার্ড কমিশনার।



