করিমগঞ্জ জেলা কংগ্রেসে বড় সাংগঠনিক পদক্ষেপ, তিন নেতা সাময়িক বরখাস্ত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই :
করিমগঞ্জ জেলা কংগ্রেসে দীর্ঘদিনের সাংগঠনিক টানাপোড়েনের মধ্যে বড় পদক্ষেপ নিল অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)। প্রদেশ সভাপতি গৌরব গগৈর নির্দেশে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একদিনেই তিনজন নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এক জেলা পরিষদ সদস্যকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলা কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

এপিসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) রমান্না বরুয়ার স্বাক্ষরিত নির্দেশ অনুযায়ী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাহের আহমেদ চৌধুরী, জেলা সম্পাদক ইনজামুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল বাসিতকে অবিলম্বে কার্যকর সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের বরখাস্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদকে শোকজ নোটিশ পাঠিয়ে চার দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলবিরোধী কার্যকলাপ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, বিভ্রান্তি সৃষ্টি এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, গৌরব গগৈ প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠনে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় করিমগঞ্জ জেলা কংগ্রেসে এই কঠোর পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও আদেশে নির্দিষ্ট ঘটনার উল্লেখ নেই, তবুও দলীয় শৃঙ্খলার প্রশ্নে আপসহীন অবস্থানের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

এপিসিসির এই সিদ্ধান্তের পর জেলা কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠন, নতুন নেতৃত্বের উত্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তীব্র হয়েছে। বরখাস্ত হওয়া তিন নেতা বা শোকজপ্রাপ্ত মোস্তাক আহমেদের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক দিনের ঘটনাপ্রবাহ করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার কংগ্রেস রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *