২৭ এপ্রিল : সংসদের উচ্চকক্ষে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আম আদমি পার্টি (আপ)-এর সাতজন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান ও দলবদলের প্রস্তাবে সায় দিলেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যসভায় সংখ্যার সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।
সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ছিল ১০৬, যা বেড়ে এখন ১১৩-এ পৌঁছেছে। অন্যদিকে, একসময় ১০ জন সাংসদ থাকা আপের শক্তি কমে দাঁড়িয়েছে মাত্র ৩-এ।
যে সাতজন সাংসদ দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন, তারা হলেন—রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, হরভজন সিং, স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্তা এবং বিক্রমজিৎ সাহনি। পরে তাঁদের ‘মার্জার’ বা দলবিলয়ের আবেদনও গ্রহণ করা হয়। বর্তমানে রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে এই সাতজনকেই বিজেপি সাংসদ হিসেবে দেখানো হচ্ছে।
এই ঘটনায় শুধু বিজেপির সাংসদ সংখ্যা বৃদ্ধি পায়নি, বরং এনডিএ জোটের সামগ্রিক শক্তিও রাজ্যসভায় বেড়ে প্রায় ১৪৮-এ পৌঁছেছে। এর ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে জোটের অবস্থান আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।



