বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : গুয়াহাটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সমিতির একটি প্রতিনিধিদল দিসপুরের জনতা ভবনে অসম সরকারের মুখ্য সচিব ড. রবি কোটা’র সঙ্গে সাক্ষাৎ করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই বৈঠকে পাঁচ দশকেরও বেশি পুরনো এই প্রেস ক্লাবের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা মুখ্য সচিবের সামনে তুলে ধরা হয়।
সোমবার বৈঠকের পর প্রতিনিধিদল জানায়, এত পুরনো একটি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও গুয়াহাটি প্রেস ক্লাবের এখনও নিজস্ব স্থায়ী ঠিকানা নেই, যা একটি বড় সমস্যা হিসেবে উঠে এসেছে। আধুনিক প্রযুক্তিগত সুবিধা, প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সহ একটি স্থায়ী ভবন নির্মাণের জন্য তারা সরকারের কাছে সহায়তা চেয়ে একটি স্মারকলিপি জমা দেয়। এই ভবন নির্মাণের জন্য গুয়াহাটির যেকোনও উপযুক্ত স্থানে অন্তত এক বিঘা পাঁচ লেচা জমি বরাদ্দ করার আবেদনও জানানো হয়।
স্থায়ী কার্যালয়ের পাশাপাশি কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য বিমার অভাব নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। প্রতিনিধিদল জানায়, বর্তমানে বহু সাংবাদিক আর্থিক নিরাপত্তার অভাবে ভুগছেন। এই পরিস্থিতিতে সরকারকে সরকারি খাতের মাধ্যমে একটি বিস্তৃত স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর আহ্বান জানানো হয়, যাতে অসুস্থতার সময় সাংবাদিকরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা পান।

অন্যদিকে, রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায়। সংবাদমাধ্যমের বিস্তার ঘটলেও বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী গোষ্ঠীর হামলার ঘটনা সাংবাদিকদের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করে সাংবাদিকরা যাতে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায় প্রেস ক্লাব।
বৈঠকে মুখ্য সচিব ড. রবি কোটা সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি খগেন কলিতা, সাধারণ সম্পাদক অমরেন্দ্র ডেকা সহ কার্যনির্বাহী সমিতির অন্যান্য সদস্যরা।



