বরাক তরঙ্গ, ৪ জুলাই : অসমের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে অসম বার্তাজীবী সংঘের একটি প্রতিনিধি দল। শনিবার জনতা ভবনে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলটি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করে এবং দ্রুত সেগুলোর সমাধানের দাবি জানায়।
আলোচনায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন। তিনি জানান, বর্তমানে তিনি নিজেই তথ্য ও জনসংযোগ দফতরের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তাই খুব শীঘ্রই দফতরের কমিশনারের সঙ্গে আলোচনা করে সাংবাদিক সংঘের স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।
মুখ্যমন্ত্রী স্মারকলিপিটি নিজে পড়ে দেখেন এবং তাঁর ব্যক্তিগত প্রধান সচিবকে বিষয়টি দ্রুত তথ্য ও জনসংযোগ দফতরের কমিশনারের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া গুয়াহাটি প্রেস একাডেমির প্রস্তাবিত প্রকল্প নির্মাণের বিষয়টিও মুখ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি সঙ্গে সঙ্গেই জনপথ (পিডব্লিউডি) দফতরের কমিশনার-সচিবের কাছে প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন তলব করেন এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে তাঁর প্রধান প্রেস সচিব এবং তথ্য ও জনসংযোগ দফতরের সঞ্চালকের সঙ্গেও সাক্ষাৎ করে সংঘের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে।
সাক্ষাৎকালে অসম বার্তাজীবী সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ফুলাম গামোচা ও শুভেচ্ছাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মুকুট রাজ শর্মা, সহ-সভাপতি ভাস্কর শর্মা, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা এবং রাজ্য কার্যনির্বাহী সদস্য তরণী চরণ কলিতা।



