২২ এপ্রিল : ভোটের মুখে নগদ টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ বিধানসভার কনকনগর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কাছাড়ের বড়খলার বিজেপি প্রার্থী তথা অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এবং স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি গাড়ি করে কনকনগরের একটি ক্লাবে পৌঁছান ওই দুই নেতা। অভিযোগ, সেখানে নগদ টাকা বিলির চেষ্টা চলছিল এবং কিছু টাকা স্থানীয়দের মধ্যেও বিতরণ করা হয়। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গাড়ি-সহ দুই নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাস্থল থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে নগদের প্রলোভন দেখানো হচ্ছে। উন্নয়নের প্রতিশ্রুতির বদলে টাকা বিলির মাধ্যমে ভোটারদের মন জেতার চেষ্টা চলছে বলেও কটাক্ষ করা হয়।

উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে গত কয়েকদিন ধরে এলাকায় প্রচার চালাচ্ছিলেন কিশোর নাথ। তার মাঝেই এই বিতর্ক সামনে আসায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, আটক দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মোটা অঙ্কের টাকা এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল। নির্বাচন কমিশনের নজরদারি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেও তারা মন্তব্য করেছে।



