মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : শ্রীভূমি শহরের কানিশাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন আরেকজন। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানিশাইল এলাকায় রাস্তার ধারে “PDS DUTY” লেখা একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলে থাকা প্রবীর ঘোষ নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহত অপর যুবক পান্ত দাসকে প্রথমে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মৃত প্রবীর ঘোষ ও আহত পান্ত দাস—উভয়ের বাড়ি শ্রীভূমির শনবিল এলাকায়। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনা আবারও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।



