কৌশিক রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ও সংবর্ধনা শিলচর স্পোর্টিং ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : শুক্রবার লক্ষীপুরের নবনির্বাচিত বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাঁকে উষ্ণ সংবর্ধণা ও শুভেচ্ছা জ্ঞাপন করলো বরাক উপত্যকার সুপ্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এদিন ক্লাবের কর্মকর্তারা বিধায়কের বড়সাঙ্গনস্থিত বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ক্লাবের ৯০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। 

এদিন ক্লাব সভাপতি ড. অনুপকুমার রায় বিধায়ককে জানান ব্রিটিশ জমানায় প্রতিষ্ঠা লাভ করা ঐতিহ্যবাহী শিলচর স্পোর্টিং ক্লাব এবছর ৯০-এ পা রেখেছে। তিনি বলেন, দীর্ঘ নব্বই বছর এর ইতিহাসকে স্মরণীয় করে রাখতে চান তারা এবং ইতিমধ্যেই অনুষ্ঠানকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। ব্রিটিশ জমানায় ইণ্ডিয়া ক্লাবের পরই শিলচর স্পোর্টিং প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তীতে টাউন ক্লাব গঠন হয়। এই তিনটি ক্লাবই হচ্ছে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা লাভ করা ক্লাব যা আজও স্বমহিমায় ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে বিধায়ককে জানান সভাপতি অনুপ রায়। 

এদিন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বিধায়ক কৌশিক রায় যখন জানতে পেরেছেন বরাক উপত্যকায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রাচীন ক্রীড়া সংগঠন হচ্ছে শিলচর স্পোর্টিং তখন তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে ক্লাব সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চান। মাঠের বর্তমান পরিস্থিতি, মাঠের জায়গা, মাঠের পারিপার্শ্বিক অবস্থা, ক্লাবের সঙ্গে জড়িত পুরানো কর্মকর্তাদের কথা সহ শিলচরে খেলাধূলার জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে দীর্ঘ চল্লিশ মিনিট অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাবের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন বিধায়ক রাই। ক্লাবের উন্নয়নে তিনি আন্তরিকতার সহিত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এদিকে অসম মন্ত্রিসভা সম্প্রসারণে কৌশিক রায় নিশ্চিত রূপে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এই আশা ব্যক্ত করে তাকে অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। 

উল্লেখ্য, এদিনের প্রতিনিধিদলে সভাপতি ড. অনুপকুমার রায় ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, সহ-সভাপতি নির্মল দাস, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, ৯০ বছর পূর্তি উদযাপন রিসেপশন কমিটির চেয়ারম্যান তথা বরিষ্ঠ সদস্য মূলচাঁদ বৈদ, কার্যকরী কমিটির সদস্য সুদীপ রায় চৌধুরী ও রামকৃষ্ণ পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *