বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস), নাগপুরে বিএসসি ইন অ্যালাইড অ্যান্ড হেলথকেয়ার (মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি) কোর্সে প্রথম স্থান অধিকার করে উজ্জ্বল সাফল্যের নজির গড়লেন কাছাড় জেলার কনকপুরের তৌসিফ আহমেদ লস্কর।
১৫ এপ্রিল অনুষ্ঠিত এইমস নাগপুরের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে শংসাপত্র ও সম্মাননা গ্রহণ করেন তৌসিফ। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, রাজ্যপালসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক বদর উদ্দিন লস্কর ও হুসনারা বেগম লস্করের জ্যেষ্ঠ পুত্র তৌসিফ ২০২১ ব্যাচের ছাত্র। সামগ্রিক ফলাফলের ভিত্তিতে কোর্সে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান প্রদান করা হয়।
শিক্ষাজীবনে তার আরও উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে এইমস গোরখপুরের সরাসরি নিয়োগ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে নবম স্থান (ইডব্লিউএস বিভাগে দ্বিতীয়) এবং সাম্প্রতিক কমন রিক্রুটমেন্ট এক্সাম-৪ (CRE-4)-এ সর্বভারতীয় স্তরে ৯৮তম স্থান অর্জন।
তৌসিফ তার সাফল্যের কৃতিত্ব দেন কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং বিষয়ভিত্তিক গভীর জ্ঞানার্জনকে। বরাক উপত্যকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে শুধুমাত্র সংক্ষিপ্ত নোট নয়, বরং বিষয়ের গভীর বোঝাপড়া ও ব্যবহারিক জ্ঞানের ওপর জোর দিতে হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তৌসিফ জানান, দক্ষ অ্যালাইড হেলথকেয়ার পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অথবা এ সংক্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে তিনি নিজের পেশাগত দক্ষতা আরও উন্নত করার দিকেও মনোযোগ দিতে চান। তৌসিফের এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন এবং সমগ্র এলাকায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, একই সমাবর্তন অনুষ্ঠানে মেডিকেলের বিভিন্ন বিভাগে প্রথম স্থান অধিকারী আরও ছয়জন শিক্ষার্থীকেও রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা প্রদান করা হয়।



