সচেতনতা সভার পাশাপাশি সাতটি আরটিআই আবেদনের শুনানি অনুষ্ঠিত
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ,, ৮ অক্টোবর: সপ্তাহব্যাপী তথ্যের অধিকার আইন সপ্তাহ পালনের অংশ হিসেবে আসাম তথ্য আয়োগের ব্যবস্থাপনায় এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার হাইলাকান্দিতে একদিনব্যাপী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগের সাতটি তথ্যের অধিকার (আরটিআই) আবেদনের শুনানিও অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১টায় আবর্ত ভবনের রবীন্দ্রনাথ ঠাকুর সভাকক্ষে অনুষ্ঠিত সচেতনতা সভায় রাজ্য তথ্য কমিশনার তথা অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ভারত ভূষণ দেব চৌধুরীকে স্বাগত জানান হাইলাকান্দির জেলা আয়ুক্ত জয় বিকাশ। উভয়কেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি বিভাগের আরটিআই শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে জেলা আয়ুক্ত জয় বিকাশ সরকারি আধিকারিক ও কর্মচারীদের তথ্যের অধিকার আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পাশাপাশি আইনটির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের আরটিআই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত হওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে তথ্যের অধিকার আইন, ২০০৫-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলার বিশিষ্ট আইনজীবী অমৃতা জৈন। অনলাইনের মাধ্যমে কীভাবে তথ্য সংগ্রহ ও উপলব্ধ করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিনায়ক ডেকা।

রাজ্য তথ্য কমিশনার ভারত ভূষণ দেব চৌধুরী তাঁর বক্তব্যে তথ্যের অধিকার আইন, ২০০৫-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সংশ্লিষ্ট সরকারি বিভাগের দায়িত্ব ও কর্তব্য এবং আবেদনকারীদের তথ্য প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি আইনটির উদ্দেশ্য ও কার্যকর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সচেতনতা সভা শেষে অনুষ্ঠিত মতবিনিময় পর্বে উপস্থিত আধিকারিকরা আরটিআই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত হন।
এদিন বিভিন্ন বিভাগের জনগণের আবেদনের ভিত্তিতে মোট সাতটি আরটিআই মামলার শুনানি অনুষ্ঠিত হয় বলে জানান সহকারী আয়ুক্ত কিষণ চরৈ।



